বুড়িগঙ্গা নদীর উত্তর পার্শ্বে কামরাঙ্গিরচর শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ঢাল থেকে মঙ্গলবার অগ্নিদগ্ধ এক লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। লাশটি পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না। লাশটির ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই মোঃ আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে বুড়িগঙ্গা নদীর উত্তর পার্শ্বে কামরাঙিরচর শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ঢালে অগ্নিদগ্ধ লাশ পাওয়ার খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে পৌছাই। লাশটির পরনে কিছু ছিল না। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সোমবার দিবাগত রাতে যে কোন সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয়। যাতে করে লাশ বিকৃত হয়ে চেনার অযোগ্য হয়।