ভারতের পলাতক ঋণখেলাপি নীরব মোদি লন্ডনে গ্রেপ্তার

ভারতের পলাতক ঋণখেলাপি নীরব মোদিকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতেও হাজির করে ইংল্যান্ডের পুলিশ। ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ব্যাংক কেলেংকারিতে অভিযুক্ত হিরা ব্যবসায়ী নীরব মোদিকে গ্রেপ্তার করা হয়। তার জামিন আবেদন নাকচ করেছে আদালত। ২৯ মার্চ পর্যন্ত কারাগারে থাকতে হবে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ আছে নীরব মোদির বিরুদ্ধে। ইংল্যান্ডের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি আবেদনের ভিত্তিতেই এই পরোয়ানা জারি করেছিল ইংল্যান্ডের আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইংল্যান্ডের হলবর্ন মেট্রো স্টেশনের কাছ থেকে তাকে ধরে স্কটল্যান্ড ইয়ার্ড। নীরব মোদি জামিনের জন্য ৫ লাখ পাউন্ড দিতে চান। কিন্তু আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ২৯ মার্চ ফের জামিন আবেদনের শুনানি হবে। নীরব মোদিকে গ্রেপ্তার করা হলেও তাকে ভারতে নিয়ে আসাটা খুব সহজ হবে না। কারণ বিজয় মাল্যের ক্ষেত্রেও ইংল্যান্ডের কাছ থেকে ভারতে প্রত্যর্পণের সবুজ সংকেত পেতে দীর্ঘ আইনি রাস্তায় হাঁটতে হয়েছিল। গত বছর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে করা প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রতারণা ধরা পড়ে। এর ঠিক আগের সপ্তাহেই দেশ ছেড়ে পালিয়েছিলেন ৪৮ বছর বয়সী এই কোটিপতি ব্যবসায়ী।