উগ্র চরমপন্থা এখন সব দেশের জন্য চ্যালেঞ্জ --------- অস্ট্রেলীয় রাষ্ট্রদূত

বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ বিরোধী রাষ্ট্রদূত পল ফোলি বলেছেন, সন্ত্রাসবাদ ও উগ্র চরমপন্থা এখন সব দেশের জন্য চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া দীর্ঘদিনের উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগী হিসেবে বাংলাদেশকে এবং তার নাগরিকদের এই হুমকি মোকাবেলায় সহায়তা দিয়ে যাবে। গতকাল মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পল ফোলি তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছালে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট তাকে স্বাগত জানান। পল ফোলির এই সফরের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার নিবলেট বলেন, একসাথে বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং উগ্র চরমপন্থা মোকাবেলা করা অস্ট্রলিয়া আর বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতার মধ্যে রয়েছে। এমন অবস্থায় রাষ্ট্রদূত ফোলির এই সফর অত্যন্ত সময়োপযোগী। তিনি জানান, পল ফোলি সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং প্রতিরোধে কার্যকর পন্থা খুঁজে বের করার জন্য বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। প্রসঙ্গত, রাষ্ট্রদূত ফোলি অস্ট্রেলিয়ার সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিরোধী আন্তর্জাতিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।