বাঘাবাড়ি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে দুই জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের ভিতর থেকে গতকাল বুধবার দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন,  ট্রাকের ড্রাইভার সাহাবুদ্দিন (৫০) ও হেলপার ইলিয়াস (২০)। তাদের বাড়ি নাটোর সদর এলাকায় বলে পুলিশ নিশ্চিত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, কিশোয়ান এ্যাগ্রো লিমিটেডের এ ট্রাকটি (চট্টো মেট্রো-উ-১১-০৮২১) ভোর থেকে ওই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে শাহজাদপুর থানা পুলিশ ট্রাকে কাউকে দেখতে না পেয়ে ট্রাকটি চেক করে। এ সময় ট্রাকের ভিতর ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় লাশ দুইটি উদ্ধার করেন তারা। তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় এ দুজনকে শ্বাসরোধে হত্যার পর ট্রাকটি ফেলে গেছে। ট্রাকটি ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পরে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।