উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণের আগে পৃথক দুটি চিঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় সংসদের নড়াইল-১ আসন ও রাজবাড়ি-২ আসনের সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত দুটি নির্দেশনা জারি করা হয়। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
পৃথক চিঠিতে নড়াইল-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক ও রাজবাড়ি-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমকে বুধবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এই দুই সংসদ সদস্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়াসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া অভিযোগ পেয়েছে ইসি। যেটা সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপজেলা পরিষদ বিধিমালা (২০১৬) এর ২২ বিধি অনুযায়ী করতে পারেন না। তাই বুধবারের মধ্যে তাদের দু’জনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। ইসির মতে, এটি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
এ ছাড়াও স্পিকারের সদয় অবগতির জন্য সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, স্ব স্ব বিভাগের কমিশনার, মহাপুলিশ পরিদর্শক এবং জেলা প্রশাসক বরাবর এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সংসদ সদস্যরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, তার জন্য জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনেও কয়েকজন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসি। এ ছাড়াও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমলকে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছিল ইসি।