নিজপ্রেমে মত্তদের কাছে ফেসবুক এক স্বর্গের নাম!

ফেসবুকের মতো মাধ্যমগুলোতে নিজেদের আদর্শ পরিবেশ খুঁজে পায় নিজপ্রেমে মত্ত আত্মবিশ্বাসহীন মানুষরা। এরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে নিজেদের মেলে ধরতে পারে সহজে, ফলে প্রত্যাশিত মাত্রায় প্রশংসাও পায় অন্যান্যদের।
 
ইতালির ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সের একদল গবেষক ৫৩৫ জন শিক্ষার্থীর উপর সমীক্ষা চালিয়ে এসব তথ্য জানিয়েছেন। কোন ধরনের মানুষ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের আসক্তিতে বাধা পড়ে, এটা খুঁজে বের করতে গিয়ে ওই সমীক্ষা চালান তারা।
 
গবেষকরা জানিয়েছেন, যারা অতি-মাত্রায় নিজেতে মত্ত তারা মুখোমুখি কথাবার্তার চেয়ে অনলাইন আলোচনা বা মিথক্রিয়াকে বেশি নিরাপদ মনে করে। এতে তারা অন্যান্যদের অনুমোদন ও প্রশংসা লাভের উপায় হিসেবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে অধিক গুরুত্ব দিতে অভ্যস্ত হয়ে পড়ে।
 
এই গবেষণা ফলাফল 'দ্য জার্নাল সাইবারসাইকোলজি, বিহ্যাভিয়ার অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং' -এ প্রকাশিত হয়েছে।