জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির কারাদণ্ড

 
জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আটককৃত চার বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার এই সাজার রায় ঘোষণা করা হয়।
 
সাজাপ্রাপ্তরা হলেন-মিজানুর রহমান  (৩১), রুবেল মিয়া  (২৬), মো. জাবাথ কায়সার হাজী নুরুল ইসলাম সওদাগর (৩১) ও সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার (২৯)। এর মধ্যে মিজানুরকে পাঁচ বছরের কারাদণ্ড, সোহেলকে দুই বছরের কারাদণ্ড, রুবেল ও নুরুল ইসলামকে ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশ জঙ্গি হামলার জন্য অর্থ সংগ্রহের দায়ে গত মে মাসে তারা অভিযুক্ত হন।
 
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল মাসে সাজাপ্রাপ্ত এই চার আসামিসহ আটজনকে আন্তঃ নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার করা হয়। আইএসআইএসকে সমর্থন ও সহিংসতার জন্য প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
 
দলনেতা মিজানুর তাদের গ্রুপটিবে ইসলামিক স্টেট বাংলাদেশ বলে অভিহিত করেছেন। মিজানুর তিনবার আইএসে যোগ দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তুরস্ক ও আলজেরিয়ার ভিসা নেয়া চেষ্টা করেও পাননি। এরপর তিনি সিঙ্গাপুরে যান ও সেখানে অন্তত আটজনকে তার দলে নিয়ে আসেন। তারা নিয়মিত সাক্ষাৎ করতেন ও বাংলাদেশে সশস্ত্র হামলার বিষয়ে আলোচনা করতেন। খবর: চ্যানেল নিউজ এশিয়া ও স্ট্রেইট টাইমস।