সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ, নৈরাজ্য, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
ওই সমাবেশে উপস্থিত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংহতি প্রকাশকালে তার নিজের ফেইসবুক পেজে সমাবেশের ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করেন।
এমন ঘটনা দেশে প্রথমবার। এর আগে কোনো সমাবেশের ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করা হয়নি। এ সময় প্রতিমন্ত্রী একটি লাইভ ভিডিও বার্তায় বাংলাদেশের তরুণ সমাজকে জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে, ততবারই বাঙালি তরুণরা প্রতিঘাতে ও প্রতি উত্তরে জবাব দিয়েছে।
তিনি বলেন, ৫২-তে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ও ১৯৭১-এ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুণ প্রজন্মই।
জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দিতে দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি।