২৪ কেজি স্বর্ণ পাচারের মামলার রায় বৃহস্পতিবার

 
প্রায় ২৪ কেজি স্বর্ণ পাচারের একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান গত ১২ জুন মামলাটিতে যুক্তিতর্কের শুনানি শেষে এই রায় ঘোষণার দিন ধার্য করেন।
 
জানা গেছে, মামলাটি দুজন তদন্ত কর্মকর্তা তদন্ত করেন। তারা হলেন- পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম এবং সিআইডি পুলিশের তৎকালীন সহকারী পুলিশ সুপার (অব.) মুন্সি আতিকুর রহমান।
 
এদের মধ্যে মুন্সি আতিকুর রহমান সর্বশেষ মামলাটি তদন্ত করে ২০০৩ সালের ৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে হিসেবে তিনিই মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা। তার সাক্ষ্য গ্রহণ ছাড়াই মামলাটিতে রায় ঘোষণা হলে বড় ধরনের ত্রুটি থেকে যাবে এবং আসামিরা এ কারণে খালাসও পেতে পারেন বলে মামলায় সংশ্লিষ্টরা মনে করছেন।
 
২০০২ সালের ১০ অক্টোবর রাজধানীর নাখালপাড়ার লুকাস মোড়ে চেকপোস্টে সমীর মজুমদার এবং ইসহাক ওরফে ইসমাইল নামের দুই ব্যক্তির দেহ তল্লাশিকালে তাদের কোমরে বাঁধা অবস্থায় ১২০টি করে ২৪০টি সোনার বার উদ্ধার করা হয়।
 
ওই ঘটনায় আর্মড পুলিশের এসআই নান্না মিয়া রাজধানীর তেজগাঁও থানায় ৪৭(১০)২০০২ নম্বর মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় দায়ের করেন।