গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে জেএমবির বোমা হামলার মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলার পেপারবুক থেকে এজাহার, অভিযোগপত্র ও সাক্ষীদের সাক্ষ্য তুলে ধরেছেন।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চে এই শুনানি শুরু হয়।
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ঐ ঘটনায় আত্মঘাতী হামলাকারী আসাদ ওরফে জিয়াসহ ১০ জন নিহত হন। এর মধ্যে চারজন আইনজীবী ও চার বিচারপ্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার দিনই জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান এবং আতাউর রহমান সানিসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে। এই মামলায় ২০১৩ সালের ২০ জুন ১০ জনকে ফাসিঁর আদেশ দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতুল্লাহ, আরিফুর রহমান, মোশিদুল ইসলাম, সায়দুর মুন্সী, আবদুল্লাহ আল সোহাইন, নিজামুদ্দীন রেজা, তৈয়বুর রহমান, মোহম্মদ আশরাফুল ইসলাম, মোহম্মদ শফিউল্লাহ ও আদনান সানি। এরা সবাই জেএমবি সদস্য।
গত ৫ মে প্রধান বিচারপতি মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে পাঠান। আজ রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যটার্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম আদালতে পেপারবুক পড়া শুরু করেন। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।