ঠাকুরগাঁও শহরে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত চন্দন (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুর একটায় শহরের মন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক মন্দিরপাড়া এলাকায় পৌঁছালে চন্দনকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চন্দন মারা যান। এরপর এলাকাবাসী প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।