অস্ট্রেলিয়া দলে হ্যারিস

শেফিল্ড শিল্ডে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্কাস হ্যারিস। ২৬ বছর বয়সী ওপেনার প্রথমবার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ফিরেছেন আরেক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম। এবারের শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে এখনো পর্যন্ত ৪ ম্যাচে ৮৭.৪০ গড়ে ৪৩৭ রান করেছেন হ্যারিস। আগের দুই মৌসুম মিলিয়ে করেছিলেন ১ হাজার ৫১৪ রান। হ্যান্ডসকম টেস্ট ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও পরে পথ হারান। টেস্ট দল থেকে বাদ পড়েছেন দুই দফায়। শেফিল্ড শিল্ডে পারফরম্যান্স এবার যদিও খুব দারুণ নয়। ৪ ম্যাচে ২২৭ রান করেছেন ৩৭.৮৩ গড়ে। তবে তার ব্যাটিংয়ের উন্নতিতে সন্তুষ্ট নির্বাচকেরা। ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেইডে, দ্বিতীয়টি ১৪ ডিসেম্বর থেকে পার্থে।