মতলবে ‘সন্ত্রাসীদের’ ভয়ে গৃহবন্দি ৩ পরিবার

 
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দেলদিয়া গ্রামের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েও আবার তাদের হুমকির মুখে গৃহবন্দি জীবন যাপন করছেন তিনটি পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ করে এবার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা।
 
ওই পরিবারের প্রবাসী জুয়েলের স্ত্রী হাসিনা বেগম জানান, বাড়ির রাস্তা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গিয়াস উদ্দিন সোহেল পাটোয়ারীর সন্ত্রাসী বাহিনী তাদের ৩ পরিবারকে গৃহবন্দি করে রেখেছে। তাদের হুমকিতে ঘরবাড়ি থেকে বের হতে পারছেন না জুয়েল হোসেন, জাকির হোসেন ও হুমায়ুর পাটোয়ারির পরিবার।
 
স্কুল শিক্ষক হুমায়ুন পাটোয়ারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তার ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় থানায় অভিযোগ করলে পরদিন শুক্রবার সকলে গিয়াস উদ্দিন সোহেলের নেতৃত্বে আনিস, আল আমিন, ইয়াসিন, আবুল কাশেমসহ অর্ধশতাধিক যুবক ওই পরিবারগুলোর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। সন্ত্রাসীরা তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিচ্ছে বলেও তিনি জানান।
 
এ ঘটনায় আহত হাসিনা আক্তারে অভিযোগ স্থানীয় মেম্বার ইউসুফ হাজরা সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে গিয়াস উদ্দিন সোহেল পাটোয়ারীর মুঠোফোনে কল করলে তিনি রং নম্বর বলে কেটে দেন। মতলব দক্ষিণ থানার এ এস আই সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।
 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান জানান, ঘটনাটি আমাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।