সিরিয়ার আলেপ্পো নগরীতে বিদ্রোহী অধিকৃত বিভিন্ন এলাকায় শনিবার বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মধ্যরাতের পর ওল্ড আলেপ্পোর বাব আল-নসর এলাকায় বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয় যার মধ্যে চার শিশু রয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী ফেরদৌস এলাকায় বিমান হামলায় অপর সাতজন নিহত হয়। এদের মধ্যেও এক শিশু রয়েছে। ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ হামলায় আহত অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার ওপর দিয়ে এখনো হেলিকপ্টার ও যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিদ্রোহী যোদ্ধারাও আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় গোলা বর্ষণ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এএফপি।