নান্দাইলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডেউলডাংরা গ্রামের জঙ্গল থেকে বরিবার দুপুরে পাঁচদিন ধরে নিখোঁজ থাকা সাথী নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ওই গ্রামের রফিকুল ইসলামের কন্যা।
 
গত বুধবার বিকেলে চার বছর বয়সী শিশু সাথী বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়। এরপর মা বাবাসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে।
 
শিশুটির মা তাসলিমা আক্তার জানান, রবিবার বাড়ির পিছনের জঙ্গল থেকে পচা দুর্গন্ধ ভেসে আসতে থাকায় সেখানে গিয়ে একটি কলা বাগানে ভিতর শিশুটির লাশের সন্ধান মিলে। মৃতদেহের পেটের অংশ শেয়াল বা অন্যকোন প্রাণি খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
 
শিশুটির বাবা রফিকুল ইসলাম বলেন, সাথী খুব ঘুম কাতুরে ছিল। সে প্রায়ই বাড়ির আশেপাশে হঠাৎ ঘুমিয়ে যেতো। পরে খোঁজ করে বাড়িতে আনতে হতো।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।