আজ দ্বিতীয় টি-২০

ভারতের সিরিজে ফেরার সুযোগ

অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়নি ভারতের। গত বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডিএল মেথডে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হেরে গিয়েছিল বিরাট কোহলির দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ব্রিসবেনে আজ দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সিরিজে ১-০ তে পিছিয়ে পড়া ভারত মুখিয়ে থাকবে জয়ের জন্য। সিরিজে ফিরতে আজ জয়ের বিকল্প নেই কোহলির দলের সামনে। সিরিজ হার এড়াতে মেলবোর্নে ভারতকে জিততেই হবে। অন্যদিকে আজই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিল ভারত। যদিও শেষ রক্ষা হয়নি। আর এই ম্যাচের লড়াইয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ভারত। প্রথম ম্যাচের পর শেখর ধাওয়ান বলেছিলেন, ‘ভালো ম্যাচ ছিল। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। এই ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি এবং আমরা এটা নিয়ে পরের ম্যাচে যেতে চাই।’

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৭ ওভারে ১৫৮ রান তুলতেই বৃষ্টি নামে ব্রিসবেনে। ৭৫ রানে তিন উইকেট হারানোর পর ম্যাক্সওয়েল-স্টয়নিসের ব্যাটে বড় স্কোরের পথে হাঁটতে থাকে অস্ট্রেলিয়া। তারা ৭৮ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে। ম্যাক্সওয়েল ২৪ বলে চারটি ছয়ে ৪৬ রান করেন। স্টয়নিস ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন। ক্রিস লিন ২০ বলে ৩৭, অধিনায়ক ফিঞ্চ ২৭ রান করেছিলেন। ভারতের কুলদীপ যাদব দুটি, খলিল-বুমরাহ একটি করে উইকেট নেন।

বৃষ্টি থামার পর ডিএল মেথডে ভারতের টার্গেট ঠিক হয়েছিল ১৭ ওভারে ১৭৪ রান। শেখর ধাওয়ানের হাফ সেঞ্চুরির পরও সাত উইকেটে ১৬৯ রানের বেশি যেতে পারেনি সফরকারীরা। ধাওয়ান ৪২ বলে ৭৬ রানের (১০ চার, ২ ছয়) ইনিংস খেলেছিলেন। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি দিনেশ কার্তিক ও রিসভ পান্ত। কার্তিক ১৩ বলে ৩০, পান্ত ২০ রান করেন। শেষ ১২ বলে ২৪ রানের সমীকরণটা পাড়ি দিতে পারেনি ভারত। ১৬তম ওভারে এসেছিল ১১ রান। ৬ বলে ১৩ রান আসেনি তৃতীয় ও চতুর্থ বলে পান্ডিয়া-কার্তিক আউট হলে। ৮ রান তুলে ম্যাচ হেরে যায় ভারত। অস্ট্রেলিয়ার অ্যাডাম জামপা ও স্টয়নিস দুটি করে উইকেট পান। ২২ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লেগ স্পিনার জামপা।