মুন্সীগঞ্জে দুই ভাই খুনের ঘটনায় মামলা

গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামে সংঘর্ষে ভাইসহ ইউপি মেম্বার নিহতের চারদিনের মাথায় মামলা হয়েছে। নিহতদের বাবা মজু সরকার বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলামকে প্রধান আসামি ও তার ছেলে নাজমুল হোসেন, ভাই মনা মিয়াসহ ১ শ’ ২৯ জনকে আসামী করেছেন। ঘটনার পর আটক আটজনকেও আসামি করা হয়েছে মামলাটিতে।
 
পুলিশ জানায়, এজাহারে উল্লেখ করা হয়েছে- আসামীরা হোসেন্দী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্টুর লোকজনের বাড়ি ঘরে অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবিদ্ধসহ আহত হয় ২০ জন। হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ আহত হোসেন্দী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার গোলাপ সরকার ও অনুজ আইয়ুব আলী সরকার মারা যায়। নিখোঁজ হয় অপর ভাই আওলাদ মিয়া ও জুয়েল সরকার। এখনও তাদের খোঁজ মেলেনি। বাদীর দাবি, তার ছেলে জুয়েল ও আওলাদকে প্রতিপক্ষ দলের লোকেরা অপহরণ ও খুনের পর লাশ গুম করেছে।
 
গজারিয়া থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভুইয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে অভিযান জোরদার হয়েছে। চরবলাকী গ্রামে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।