নেইমার দলে ফিরতে চাইলে স্বাগত জানাবে তার সাবেক দল বার্সেলোনা। তবে এক্ষেত্রে পিএসজি তারকাকে নিজে থেকেই উদ্যোগ নিতে হবে।
গোলডটকম জানাচ্ছে, স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাদের সাবেক খেলোয়াড়টিকে দলে ফেরাতে ‘অপারেশন নেইমার’ প্রকল্প হাতে নিতে প্রস্তুত। এ লক্ষ্যে নেইমারের এজেন্টের সঙ্গে যোগাযোগও করেছে কাতালান দলটি।
ব্রাজিলের এই ফরোয়ার্ড ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইঁতে পাড়ি জমান। এরপর থেকে সেখানে ৩১ ম্যাচ খেলে করেছেন ২৯ গোল, জিতেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং কোউপ দে ফ্রান্স শিরোপা। তবে ‘গোল’ এর কাতালুনিয়া সূত্র জানাচ্ছে, এতকিছুর পরেও বর্তমান দলে সুখী নন নেইমার। ফলে বার্সা পরিচালকদের সাথে যোগাযোগ করছে নেইমারের প্রতিনিধি দল। এতে ইতিবাচক সাড়াও দিয়েছেন কাতালানদের পরিচালনা বোর্ড।
কিছুদিন আগে নেইমারের বার্সায় প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন বার্সা পরিচালক পেপ সেগুরা। এখন বার্সেলোনা কর্তৃপক্ষ মনে করে পরের পদক্ষেপটি নেইমারের পক্ষ থেকেই আসা উচিত।
গেল বছর বেশ তাড়াহুড়ো করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এতে ব্রাজিল তারকার উপর বেশ চটেছিলো ক্লাবটির সমর্থকেরা। বার্সেলোনা বোর্ড মনে করে নেইমার ফিরতে চাইলে এই ব্যাপারটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। বোর্ডের মতে, ক্লাব ছাড়ার ব্যাপারে তার তাড়াহুড়োর ব্যাপারটি স্বীকার করে নেইমারের পক্ষ থেকে কোনো বিবৃতি সমর্থকদের ক্ষোভকে কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।
শুধু তাই নয়, বার্সেলোনায় যোগ দিলে আয়েও ব্যাঘাত ঘটবে নেইমারের। পিএসজিতে নেইমারের বাত্সরিক আয় ৪০ মিলিয়ন ইউরো, যা বর্তমানে খেলোয়াড়দের বেতন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাওয়া বার্সেলোনার নাগালের বাইরে। তাই তার পুরনো দলে ফিরতে চাইলে বেতন কমে যাওয়ার বিষয়টিকেও মেনে নিয়েই আসতে হবে বলে মনে করেন বার্সেলোনা বোর্ড। গোল ডট কমের ধারণা এই শর্তেও সম্মতি জানাতে পারেন নেইমার।
তবে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের বার্সেলোনায় ফেরার পথে আছে আইনি জটিলতাও। ২৬ মিলিয়ন অনাদায়ী বেতনের জন্য বার্সেলোনার বিরুদ্ধে করা নেইমারের রিট আবেদন এখনো চলছে। অন্যদিকে বোনাস ৩০ মিলিয়ন ইউরো নেবার পরেও ক্লাব ছাড়ার কারণে নেইমারের বিরুদ্ধে মামলা করেছিলো বার্সেলোনা। সেটি কার্যক্রম এখনো চলছে আদালতে।
তবে দুই পক্ষই যদি নেইমারের বার্সা-প্রত্যাবর্তনের ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখেন হয়তো এসব আইনি জটিলতাকে পাস কাটাবার পদক্ষেপ নিতেই পারেন তারা।
এদিকে ইভান রাকিটিচ, উসমান দেম্বেলে এবং স্যামুয়েল উমতিতির ক্লাব ছাড়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছে কাতালান গণমাধ্যমে। নেইমার বার্সায় ফিরতে সম্মত হলে তাদের একাধিক জনকে পিএসজির সঙ্গে চুক্তিতে সামিল করতে পারে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নেইমার এবং তার প্রতিনিধি দলকে বার্সায় ফেরার যাবতীয় শর্ত বাতলে দিয়েছেন বার্সা পরিচালকরা। এখন বল ব্রাজিল তারকার কোর্টে। তবে উল্লেখিত শর্তে সম্মত না হলে এ ব্যাপারে বার্সার দৃষ্টিভঙ্গি পরিষ্কার। নেইমারকে ফেরানোয় আর কোনো আগ্রহ দেখাবে না কাতালানরা।