শ্রীপুরে প্রতিবন্ধীকে ধষর্ণ, আটক ২

মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে দুই বখাটের বিরুদ্ধে এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ ওই দুই যুবককে আটক করেছে।
 
ধর্ষণের শিকার মেয়েটির ভাবী পাপিয়া বেগম জানান, সোমবার সন্ধ্যার আগে মেয়েটিকে বারান্দায় রেখে তিনি ও মেয়েটির মা বাড়ির পাশের ক্ষেতে শাক তুলতে যান। এই সুযোগে একই গ্রামের জামাল শেখের পুত্র জনি শেখ (১৮) ও সিরাজ শেখের পুত্র আরিফ শেখ (২২) মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। শাক তোলা শেষ করে কিছুক্ষণের মধ্যেই মা ও তার ভাবী বাড়ির উঠানে পৌঁছামাত্রই ঘরের মধ্যে মেয়েটির গোঙানি ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। ঘরের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পান মেয়েটি বিবস্ত্র অবস্থায় কান্না কাটি করছে আর ধর্ষকরা দু’জনেই ঘরের মধ্যে অবস্থান করছে। 
 
তিনি আরো জানান, এ অবস্থা দেখতে পেয়ে মেয়েটির মা ঘরের মধ্যেই লম্পট জনিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জনি ও আরিফকে আটক করে। 
 
এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষিতা মেয়েটিকে উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে।
 
শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এম এ মাজেদ বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেলেও ভিকটিম যেহেতু বাক-প্রতিবন্ধী সেহেতু ডাক্তারি পরীক্ষা ছাড়া সঠিক কিছু বলা সম্ভব হচ্ছেনা। তবে আটককৃতদের বিরুদ্ধে থানায় ধর্ষণের চেষ্টা ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।