পাবনা প্রতিনিধি
পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুলমুখী ও নৈতিক দায়িত্ববোধে উদ্দীপ্ত করতে ফুলের টব ও বীজ বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে সদর উপজেলা পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় সরকারি-বেসরকারি স্কুলের ১০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ফুলের টব ও ফুল গাছের বীজ দেয়া হচ্ছে। গত ফেব্রুয়ারি মাস থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে চলছে এ কার্যক্রম। পাবনার ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় স্কুলের বারান্দায় সারি সারি রাখা হয়েছে ফুলের টব, তাতে বীজ বুনেছে শিশুরা। ফুলের চারা নিয়ে শিশুদের মাতামাতি দেখে মনে হল, ফুল নয় তারা যেন বুনেছে স্বপ্নের বীজ। এ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ জানায়, আগে সকালে উঠে স্কুলে আসতে ইচ্ছা করত না তার। এখন, গাছের টানেই রোজ স্কুলে আসতে হয়। স্কুলে না এলে তার গাছ যে পানির অভাবে মারা যাবে!