পাবনায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় জীবন কুমার সূত্রধর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন স্পেশাল দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে পাবনা স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এই রায় দেন। 
 
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলো পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার শ্রী স্বপন বসাকের ছেলে সৌহার্দ বসাক সুমন, শ্রী অনিল কুমারের ছেলে মানিক কুমার, আব্দুল জলিল দিপুর ছেলে আমিনুল ইসলাম মিন্টু, শ্রী নারায়ণ কুমার দাসের ছেলে তাপস কুমার দাস, পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামের ইছহাক আলীর ছেলে ইমরান হোসেন। 
 
পাবনা স্পেশাল দায়রা জজ আদালতের স্পেশাল পিপি আব্দুর রকিব মামলার সূত্রে জানান, ২০০৫ সালের ২৬ আগস্ট জন্মাষ্টমীর দিনে সাজা প্রাপ্ত যুবকরা শালগাড়িয়া মহল্লার কাঠমিস্ত্রি দুলাল চন্দ্র সূত্রধরের ছেলে জীবন কুমার সূত্রধরকে মাদক দ্রব্য ক্রয়ের জন্যে টাকা দেয়। সে মাদক না কিনে টাকা আত্মসাৎ করায় তারা জীবনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন জীবনের বাবা দুলাল চন্দ্র সূত্রধর বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ জনের নাম উল্লেখ করে চার্জশিট প্রদান করেন। ইতিপূর্বে ২ জন এই মামলা থেকে খালাস পায়। 
 
দীর্ঘ শুনানির পর পাবনা স্পেশাল দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা মঙ্গলবার ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। মামলায় সরকার পরে আইনজীবী ছিলেন স্পেশাল দায়রা জজ আদালতের স্পেশাল পিপি আব্দুর রকিব ও আসামী পরে আইনজীবী ছিলেন সনদ কুমার সরকার।