রংপুর অফিস
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা রোড মার্চ এখন ডালিয়া তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করেছে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রোর্ডমার্চ যাত্রা শুরু করে। পথে পাগলাপীর, বড়ভিটা, জলঢাকা, চাপানীর হাটে পথসভা শেষে বিকেলে তিস্তা ব্যারেজ সাধু বাজারে সমাপনী সমাবেশে শেষ হবে ২ দিনব্যাপী পানির দাবিতে এই রোড মার্চ। এর আগে গত বুধবার বগুড়ার ৭ মাথা থেকে সকালে রোড মার্চ যাত্রা শুরু করে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, পীরগঞ্জ, শঠিবাড়ি, মিঠাপুকুরে পথসভা শেষে রোড মার্চ রংপুরের মডার্ন মোড়ে রাত যাপন করে সকালে শাপলাচত্তরে জমায়েত হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে। এতে সমাবেশের উদ্বোধক বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ভূইয়া, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফজাল, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন ও বাসদ জেলা আহবায়ক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন। বক্তারা একতরফা পানি প্রত্যাহারের ফলে তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীর পানি শুকিয়ে মরুভূমিতে পরিনত হয়ে নদী দখল দূষণে মরে যাচ্ছে। দেশের ১২শ’ নদী ও পরিবেশ প্রতিবেশ বাঁচাতে পানির দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে পানির অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।