শরণখোলায় চাঁদার টাকা না পেয়ে কলেজ শিক্ষক দম্পতির উপর হামলা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চাঁদার টাকা না পেয়ে মহিউল ইসলাম (৩২) নামে এক কলেজ শিক্ষক ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার বিকেলে উপজেলার রাজৈর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। মহিউল ইসলাম শরণখোলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।
 
এদিকে, ঘটনার পর শরণখোলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা সমাবেশ করে দোষীদের গ্রেফতারের দাবিতে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় কলেজে পাঠদান বন্ধসহ আন্দোলনের নামবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
 
আহত শিক্ষক মহিউল ইসলাম জানান, এক বছর আগে রাজৈর গ্রামের নূরুল হক ফরাজী বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি। পরবর্তীতে ওই বাড়ি ছেড়ে কলেজ সংলগ্ন নূরুজ্জামান গাজীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে তিনি পরিবারসহ বসবাস করছেন। তিনি বাসা ছেড়ে দেয়ার পর থেকে কোনো ভাড়াটিয়া না পেয়ে নূরুল হক ফরাজী ক্ষিপ্ত হন। এরপর তার ছেলেদের পাঠিয়ে তার কাছে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এর সূত্র ধরে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নূরুল হক ফরাজী তার দুই ছেলে খায়রুল ইসলাম সোহেল ও কামরুল ইসলাম রাসেলসহ ফরিদুজ্জামান এবং মোরসালিনকে সঙ্গে নিয়ে তার বাসায় গিয়ে চাঁদার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তারা লাঠিসোঁটা দিয়ে শিক্ষক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন। 
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।