পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোশারেফ হোসেন আবু (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক হারুন পঞ্চায়েত বরিশাল মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে উপজেলাধীন মঠবাড়িয়া-মিরুখালী সড়কের ছোটহারজী টাক বাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। মোশারেফ হোসেন উপজেলার গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষক মোশারেফ হোসেন বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মঠবাড়িয়া শহরে আসছিলেন। উপজেলাধীন মিরুখালী-মঠবাড়িয়া সড়কের ছোট হারজী টাক বাজার নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে বিপরীতগামী একটি মাহেন্দ্র টেম্পু ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক মোশারেফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক পঞ্চায়েতকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।