ঢাকার হাজারীবাগ থানার বছিলা মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সারাদিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।
অভিযানে হাজারীবাগ থানার বছিলা মোহাম্মদপুর এলাকায় প্রায় ১০০০ফুট অবৈধ গ্যাসলাইন এবং ৮০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় দুটি স্পটে প্রায় ৮০০ ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়।
অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক,ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথ একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।
অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো-৫ শাখার ডেপুটি ম্যানেজার ইঞ্জিঃ আতর আলী , ইঞ্জিঃ সাইফুল ইসলাম, ইঞ্জিঃ মামুনুর রশিদ, তারিকুল ইসলাম, ইঞ্জিঃ জিয়াউদ্দিন, ডেপুটি ম্যানেজার ইরশাদ মাহমুদ, ফয়জুল ইসলাম, মোবারক হোসেন, সহকারী প্রকৌশলী আলি তারেক, উপসহকারী প্রকৌশলী আবু শাহিন, মাসুদূর রহমান, নুরুল ইসলাম শহীদুল ইসলাম, হাজারীবাগ থানার এস আই মঞ্জুর রাহী। ঢাকা মেট্রোপলিটনের ২০ জন পুলিশ সদস্য ও এর একটি দল অভিযানে দায়িত্ব পালন করে। অভিযান পরিচালনারে সময়ে স্থানীয় ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, সংবাদমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।