সুনামগঞ্জের পানিবন্দী ৫০ হাজার মানুষ

 
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর কয়েকটি ইউনিয়নে পাহাড়ি ঢলে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত ৫০ হাজার মানুষ। ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় তাহিরপুরের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
 
বৃষ্টিপাত অব্যাহত থাকায় দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লক্ষ্মীপুর রাবারড্যাম ভেঙে প্লাবিত ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছেন। দোহালিয়া ইউনিয়নের হরিপুর বেঁড়িবাধ ভেঙে সুরমা নদীর পানিতে তলিয়ে গেছে কয়েক বিস্তৃর্ণ ফসলি জমি। ক্ষতিগ্রস্ত  হয়েছে আমনের বীজতলা, সবজিবাগন ও মাছের খামার। উপজেলার পাহাড়ি নদী খাসিয়ামারা, চিলাই, চেলা, মরাচেলা ও চলতি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্গত মানুষকে সহযোগিতা করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষ ঢলের পানিতে পানিবন্দী হয়ে পড়েছেন। নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উপজেলার ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের অনেক এলাকা ঢলের পানিতে প্লাবিত হয়েছে।