সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

সিলেট অফিস

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য সিলেট চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে।

সূত্র জানায়, জাল কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দিয়ে সদস্যপদ দেওয়ার অভিযোগে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৮ মার্চ মন্ত্রণালয়ের উপ-সচিব মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়।

গত ডিসেম্বরে সিলেট চেম্বারের নির্বাচন প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। ওই সময় প্রায় চার সহস্রাধিক ভোটার বাছাইকালে ৮৮ জনের আয়কর সনদ জাল ধরা পড়লে তালিকা থেকে বাদ পড়েন তারা। এদের মধ্যে মাত্র সাতজন আপিল করলে ছয়জন সদস্যপদ ফিরে পান। চেম্বারের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে বিজয় লাভের আশায় একটি পক্ষ বিগত দিনে জাল আয়কর সনদ দিয়ে ভোটার বাড়িয়েছে।

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আমরা গ্রুপ থেকে ঐসব প্রতিনিধিদের বাদ দিই। পরে আপিলে তারা ফিরে আসেন।