খুলনার বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের হাজার হাজার মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করেছেন।
বুধবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ শেষে এ শপথ বাক্য পাঠ করানো হয়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সহযোগিতায় জেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
এ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ । এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ মিজানুর রহমান এমপি। বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার রেজাউল হাসান, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন কুমার ঘোষ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তুষার রবি বাবলু, খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং খুলনা টাউন জামে মসজিদের খতিব ও আলীয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল মাওলানা মো. সালেহ। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
সমাবেশ শেষে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের হাজার হাজার মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।