টঙ্গীতে গোলাগুলির ঘটনায় সন্ত্রাসী গুলিবিদ্ধ

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় জুয়েল ওরফে বাঘা জুয়েল (২৯)  নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জুয়েলের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার জব্দ করা হয়েছে।
 
বুধবার মধ্যরাতে তিস্তার গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
 
পুলিশ জানায়, তিস্তার গেট এলাকাধীন মরকুন রেললাইন এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে জুয়েল দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে ধরা পড়লেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আত্মরক্ষা করতে গিয়ে মাটিতে পড়ে গেলে এসআই সুমন ভক্ত ও এএসআই বিপ্লব হাতে আঘাত পান।
 
টঙ্গী থানার এসআই মো. শাহজাহান সিরাজ জানান, বাঘা জুয়েলকে পুলিশ হেফাজতে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউড অব ট্রমা অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়।