সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। সংঘর্ষে অন্তত ১৫ শ্রমিক আহত হন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় নাসা গ্রুপের গোল্ডেন স্টিচ ডিজাইন গার্মেন্টসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গোল্ডেন স্টিচ ডিজাইন গার্মেন্টস কর্তৃপক্ষ বুধবার (২০ জুলাই) জুন মাসের বেতন-ওভারটাইম কম দেয়। এর প্রেক্ষিতে গার্মেন্টসের প্রায় ১৩শ’ শ্রমিক আজ সকালে কারখানায় প্রবেশ করে বিক্ষোভ করে এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে সাভার মডেল থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে অন্তত ১৫ শ্রমিক আহত হন।
পুলিশ এসময় শ্রমিকদের ওপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় ওই পোশাক কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে ব্যাপহ ভাঙচুর চালায়। আহতেদর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্য শ্রমিকরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম কামরুজ্জামান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে তাদের একটু ধাওয়া দিয়ে রাস্তা থেকে সড়িয়ে দেয়া হয়েছে।