মাঠে নামছে আজ পাকিস্তান-অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান ও অস্ট্রেলিয়া ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আজ পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে দিনরাত্রির ওয়ানডেটি।
স্বাগতিক পাকিস্তান তাদের নিয়মিত একাদশের ছয় ক্রিকেটারকে এ সিরিজে বিশ্রাম দিয়েছে। খেলোয়াড়রা হলেন- সরফরাজ আহমেদ, ফখর জামান, বাবর আজম, হাসান আলি, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। এরা গত বছরের সেপ্টেম্বর থেকে টানা ক্রিকেট খেলছিলেন। তাছাড়া এদের ইংল্যান্ডে ৩০ মে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিশ্চিত।
এ কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটিকে দেখছে বিশ্বকাপগামী দলের কয়েকটি আসনের জন্য খেলোয়াড় পরখের সুযোগ হিসেবে। পাকিস্তান দলের ক্রিকেটাররা অবশ্য সর্বশেষ পিএসএল খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। অপরদিকে অস্ট্রেলিয়া ভারত সফরে গিয়ে ২-০তে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত ভাবে লড়াইয়ে ফিরে সিরিজে ৩-২ ব্যবধানে জয়ী হয়।
অস্ট্রেলিয়ার জন্য এটা ছিল এক দশকের মধ্যে ভারতের মাটিতে প্রথম সিরিজ জয়। সঙ্গত কারণেই আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজটিতে কিছুটা কমশক্তির পাকিস্তান দলের বিরুদ্ধেও ফেবারিট থাকবে অজিরা।
বর্ষিয়ান শোয়েব মালিক এ সিরিজে নিয়মিত অধিনায়ক উইকেটরক্ষক-কাম-ব্যাটসম্যান সরফরাজ আহমদের পরিবর্তে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রিজওয়ান।
পেস বোলার মোহাম্মদ আমির ও উসমান খান ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভাল না করায় পাকিস্তান দলে এসেছেন তরুণ মোহাম্মদ হাসনাইন। সম্প্রতি সমাপ্ত পিএসএলে দুর্দান্ত গতি দেখিয়ে উইকেট দখলের কারণে আলোচিত এই পেসার।
ব্যাটিংয়ে উমর আকমল দুই বছর পর দলে ফিরেছেন। ভাল ‘হিটার’ বলে দলের জন্য গুরুত্বপূর্ণ ছয় নম্বর স্থানটিতে স্থিত হতে চান আকমল। বিশেষ করে আসিফ আলি ৫০ ওভারের খেলায় ব্যর্থ হওয়ার পর। এ দলের হয়ে ভাল নৈপুণ্যের কারণে ওপেনার শান মাসুদ ও আবিদ আলির এই সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে। দুইজনেরই লক্ষ্য বিশ্বকাপের দলে বিকল্প ওপেনারের জায়গাটি পাওয়া।
অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ পিএসএলে পাওয়া আঘাত থেকে সেরে উঠছেন বলে তার জায়গায় এসেছেন হারিস সোহেল। লেগ স্পিনার ইয়াসির শাহকেও ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে সাদাব খানকে। ইংল্যান্ড ও ওয়েলশ-এ অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ আব্বাসও।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজটির জন্য ভারতে জয়ী দলটিকে মাঠে নামাতে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিরিজের জন্য দুই নিষিদ্ধ খেলোয়াড় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে দলে রাখেনি। যদিও সিরিজের চতুর্থ ওয়ানডেটির আগেই তাদের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে।
-এক্সপ্রেসট্রিবিউন