ভাষাসৈনিক এজেএম তকীয়ূল্লাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট ও অন্যান্য বার্ধক্যজনিত জটিলতা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন।
তকীয়ূল্লাহ জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে। তিনি ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের একমাত্র আলোকচিত্রী। তিনি চল্লিশের দশক থেকে দীর্ঘদিন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৫১ সালে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৫১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনি কারাবন্দী ছিলেন। তকীয়ূল্লাহ বর্তমানে প্রচলিত শহীদুল্লাহ বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেন। তকীয়ূল্লাহর কনিষ্ঠ ভাই বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশির এবং ভাতিজি বিশিষ্ট উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী। তাঁর ছেলে আহমেদ ইউসুফ আব্বাস অগ্রণী ব্যাংকের একজন এজিএম এবং কন্যা শান্তা মারিয়া কবি ও সাংবাদিক। তকীয়ূল্লাহর পরিবার তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেছেন।