যশোরে আহাদ জুটমিল শ্রমিকদের সড়ক অবরোধ

মজুরি-বোনাস কর্তনের প্রতিবাদে যশোর শহরের বালিয়াডাঙ্গার আহাদ জুটমিলের শ্রমিকরা পাঁচ ঘণ্টা যশোর-নড়াইল সড়ক অবরোধ করে রাখে।
 
বোনাস ও দৈনিক হাজিরার টাকা কমানোর প্রতিবাদে ও পূর্বের টাকা বহাল দাবিতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।
 
শ্রমিকরা জানান, আহাদ জুটমিলে আগে বছরে ৬টি বোনাস দেয়া হতো। এর মধ্যে ছিল দুটি উৎসব ভাতা এবং চারটি প্রোডাকশন বোনাস। কিন্তু এখন বছরে মাত্র একটি বোনাস দেয়া হচ্ছে দুই ঈদে ভাগ করে। দৈনিক মজুরিও কাটছাঁট করা হয়েছে। হাজিরা ২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে।
 
মিলটির ব্যবস্থাপক আবদুস শহীদ বলেন, আগে ব্যবসা ভালো ছিল। সে কারণে বছরে শ্রমিকদের ৬টি বোনাস দেয়া হতো। এখন ব্যবসার অবস্থা খারাপ। তাই বোনাস ও মজুরি কমানো হয়েছে।
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অবরোধের কারণে যশোর-নড়াইল সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকরা বৈঠক করেন। প্রতিষ্ঠানটির মালিক বিদেশে থাকায় কর্মকর্তারা দুই সপ্তাহ সময় নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।