তারেকের সাজা হয়েছে, খালেদারও বিচার হবে: তাজুল ইসলাম

 
আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলায় সাজা হয়েছে। তিনি সরকারের মধ্যে ছায়া সরকার তৈরি করে দেশের অর্থলুটপাট করেছিলো। তার মা খালেদা জিয়া দুই বারের প্রধানমন্ত্রী হয়েও কালো টাকা সাদা করেছেন। এতিমের টাকা মেরে খেয়েছেন। এসব অপকর্ম ঢাকতে এবং যে কোনোভাবে ক্ষমতায় যেতে এখন সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কিন্তু এসব করে পার পাওয়া যাবে না। আইনের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। তার বিচার হবেই।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস-জঙ্গিবাদ, গুপ্তহত্যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শপথ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি। সমাবেশে বক্তৃতা শেষে দেশ ও সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধারা শপথ গ্রহণ করেন। সাবেক মন্ত্রী তাজুল ইসলাম এই শপথ বাক্য পাঠ করান।