হামিদুর রহমান আজাদ

সততা-আমানতদারিতা-জবাবদিহিতাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৪

সততা, আমানতদারিতা ও জবাবদিহিতাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা, পেশাগত উৎকর্ষতা ও জ্ঞানের গভীরতা প্রয়োজন। দায়িত্ব যত বড়, জবাবদিহিতাও তত বেশি। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে নগরের দেওয়ানবাজার কার্যালয়ের বিআইএ মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাঁচলাইশ থানা, ব্যাংকার্স ও চিকিৎসক থানাসহ বিভিন্ন থানার রুকনদের নিয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, পরিচালনা কেবল রাজনৈতিক বিষয় নয়। এ ক্ষেত্রে অভিজ্ঞতা ও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন রয়েছে। আমলাদের পাশাপাশি বিভিন্ন পেশার যোগ্য ও অভিজ্ঞ মানুষকে রাষ্ট্র পরিচালনার কাজে সমন্বিতভাবে যুক্ত করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের এই নেতা বলেন, এ ক্ষেত্রে জবাবদিহিতা ও আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

জামায়াত নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় সুনির্দিষ্ট নীতি, দক্ষ জনবল, পরিকল্পনা, পদ্ধতি এবং কর্মসূচি বা প্রকল্প প্রয়োজন। একই সঙ্গে সততা, নৈতিকতা, আমানতদারিতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার মতো মৌলিক বিষয়গুলোকে শক্তিশালী করতে হবে। রাষ্ট্রের অন্যতম দায়িত্ব নাগরিকের অধিকার, নিরাপত্তা, সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা। তা না হলে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়বে।

হামিদুর রহমান আজাদ বলেন, জামায়াতে ইসলামী নিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও আস্থা বাড়ছে। সংগঠনের নেতাকর্মীদেরও সেই অনুযায়ী কাজ করতে হবে।

ইত্তেফাক/এমএসআর