কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ, অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর

সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর জেল রোড সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
 
জানা গেছে, দুটি মামলায় কারাবন্দি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু বৃহস্পতিবার হাই কোর্ট থেকে জামিন পান। জামিননামা কারাগারে পৌঁছার পর সংশ্লিষ্টরা এটি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। নিপু মুক্তি পাচ্ছেন-এই সংবাদে তার অনুসারী শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তারা নিপুর মুক্তিলাভের আনন্দে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে কারাগারের গেটের ভেতরে ঢুকতে চায়। এ সময় কারারক্ষীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও  কারারক্ষীসহ কমপক্ষে ১০ জন আহত হন।
 
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।
 
সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, দেশের সার্বিক পরিস্থিতির কারণে কারাগার এলাকায় নিরাপত্তার কারণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগ কর্মীরা মোটরসাইকেল নিয়ে কারাগারের গেটের ভেতরে ঢুকতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর হয়।
 
তিনি বলেন, বিধি অনুযায়ী নিপুকে মুক্তি দেয়া হয়েছে।