কুষ্টিয়ায় জঙ্গিবাদ ও চরমপন্থি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-জঙ্গি সংগঠনের সদস্য আবু দাউদ হাসান পাপ্পু (২০) ও চরমপন্থি সংগঠনের ক্যাডার ফিরোজ প্রমানিক (৪০)।
বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২-এর কমান্ডিং অফিসার শাহাবুদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বক চত্বর এলাকা থেকে সন্দেহভাজন জঙ্গি পাপ্পুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান সুটারগান ও তিন রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতা চরমপন্থি দলের নেতা ফিরোজ প্রমাণিককে জেলার মিরপুর উপজেলার কাজিপুর থেকে আটক করা হয়। আটককৃত ফিরোজের বাড়ি তল্লালি করে একটি কাটা রাইফেল ও রাইফেলের গুলি উদ্ধার করা হয়। পাপ্পু জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এবং বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য অস্ত্র ও গোলাবরুদ সংগ্রহ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
পাপ্পু জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের সরোয়ার মণ্ডলের ছেলে। অষ্টম শ্রেণি পাস করার পর ২০১২ সাল থেকে মাদ্রাসায় পড়াশুনা শুরু করে। চার বছর ধরে তিনি জেলার বিভিন্ন কওমী মাদ্রাসায় মাওলানা লাইনে পড়াশুনা করছিলেন।
অপরদিকে চরমপন্থি ক্যাডার ফিরোজ নিজ নামে বাহিনী গঠন করে অস্ত্র কেনা-বেচা, খুন, চাঁদাবাজি,অপহরণসহ নানা অপরাধ চালিয়ে আসছিলেন। তিনি জেলার মিরপুর উপজেলার কাজীপুর মধ্যপাড়া গ্রামের হাইজ উদ্দিন প্রমানিকের ছেলে।