'টেস্ট খেলা মিস করি'

 
ভারতের ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘টেস্ট খেলাটা এখন মিস করি। তবে সিদ্বান্ত যা নিয়েছি, তা সঠিকই ছিল।’ এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরাট কোহলির দল মুখোমুখি হবার আগে এমন কথা বললেন তিনি।  
 
২০০৫ সালে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় ধোনির। পাশাপাশি ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে দলের গুরুত্বপূর্ণ সদস্য বনে যান তিনি। পরের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান ধোনি। তার নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। এরপর টেস্টে টিম ইন্ডিয়াকে এক নম্বর দলও বানান ধোনি। টি-২০ ও টেস্টে সেরা হবার পর বাকি থাকলো ওয়ানডে। সেখানেও ভারতকে সেরা সাফল্য এনে দেন ধোনি। তার নেতৃত্বে ২০১১ সালে বিশ্বকাপের শিরোপা জিতে টিম ইন্ডিয়া।
তবে ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট খেলে বড় ফরম্যাটকে বিদায় জানান তিনি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় দু’বছর হয়ে গেল। তারপরও এখনো টেস্ট ফরম্যাটকে মিস করেন ধোনি। ওয়েস্ট বিপক্ষে টিম ইন্ডিয়া খেলতে নামার আগে এমনটাই জানালেন তিনি, ‘অবশ্যই টেস্ট খেলাটা মিস করি। তবে টেস্ট থেকে অবসর নেয়াতে আক্ষেপ নেই। সিদ্ধান্তটি সঠিকই ছিল। অবসর নেয়ায় এখন ভালোভাবে পরিবারকে সময় দিতে পারছি। ওয়ানডে ও টি-২০তে নিজেকে আরও ভালোভাবে উজার করে দিতে পারছি। কারণ এখন চাপ অনেক কমে গেছে।’
 
নিজের ব্যক্তিগত ব্যাপারে কথা বলার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট নিয়েও কথা বলেন ধোনি। তিনি বলেন, ‘ক্যারিবীয় উইকেট কিছুটা স্লো হতে পারে। স্পিনাররা ভালো সুবিধা পাবে। তাই স্পিনারদের বড় ভূমিকা রাখতে হবে। আমাদের পেসাররাও ভালো। যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারে তারা। তবে যেকোনো উইকেটে ভালো খেলার সামর্থ্য আছে আমাদের স্পিনার ও পেসারদের। -বাসস