মিচেল মার্শের ঝড়ো সূচনার পরও দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার অস্ট্রেলিয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৩

২৯৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পেলেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অজিরা গুটিয়ে যায় মাত্র ২৩০ রানে। ফলে ৬৭ রানের অনবদ্য জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। দলীয় মাত্র ২৯ রানের মাথায় কুইন্টন ডি কক ও টনি জর্জির উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে সেই চাপ সামাল দেন ম্যাথিউ ব্রিটজকে। বাভুমা ৩০ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন ব্রিটজকে। এরপর ষষ্ঠ উইকেটে মার্কো ইয়ানসেনকে সঙ্গে নিয়ে ১০৭ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন তিনি। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ১১২ রানে থামেন ব্রিটজকে এবং ৫৯ বলে ঝোড়ো ৭৫ রান করেন ইয়ানসেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস সর্বোচ্চ তিনটি এবং অ্যাডাম জাম্পা দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ঝড় তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। মাত্র ৯.২ ওভারের উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে জমা হয় ৯০ রান। মাত্র ৩৬ বলে ৬০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মার্শ আউট হওয়ার পরই মূলত খেই হারিয়ে ফেলে সফরকারীরা। আরেক ওপেনার ট্রাভিস হেড করেন ৩৭ বলে ৩৬ রান। এরপর প্রোটিয়া স্পিনারদের ঘূর্ণিজাদুতে দিশেহারা হয়ে পড়ে অজিরা।

মাঝারি ও শেষ সারির ব্যাটারদের ব্যর্থতার মিছিলে কুপার কনোলি ৪২ বলে ৩৮ এবং ম্যাট রেনশো ৪৯ বলে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকার সফল বোলার কেশব মহারাজ একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন বিজোর্ন ফরচুন ও কোরবিন বোশ।

ইত্তেফাক/এএম