স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে পাওয়া ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরটাই মিস করেছেন সাকিব আল হাসান। তবে আঙুলের সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে এখন প্রস্তুত তিনি। গত কয়েক সপ্তাহ ধরে মিরপুর স্টেডিয়ামে ফিটনেসের কাজ করেছেন, ব্যাটিং অনুশীলন করেছেন।
অপেক্ষায় ছিলেন আইপিএল খেলতে যাওয়ার জন্য বিসিবির চূড়ান্ত ছাড়পত্রের। চিকিত্সকদের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২০ মার্চের আগে মাঠে খেলতে নামার অনুমতি ছিল না সাকিবের। তার ফিটনেস নিয়ে বিসিবির চিকিত্সক, ফিজিওদের মতামত নিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে এই বাঁ-হাতি অলরাউন্ডারকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। ছাড়পত্র পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই কলকাতায় নিজের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগ দিবেন সাকিব।
গতকাল মিরপুর স্টেডিয়ামে সাকিবকে ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা চেষ্টা করছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ একটি সিদ্ধান্তে এসে তার ছাড়পত্র দেওয়ার জন্য। আমরা আজকে (গতকাল) চিকিত্সকের যে মতামত পেয়েছি, তার ওপর ভিত্তি করে তার ছাড়পত্র ইস্যু করে দিয়েছি। এনওসিতে উল্লেখ করে দেওয়া আছে, যেন টাইম টু টাইম আমাদের মেডিক্যাল টিম ও ফিজিওথেরাপিস্টের সাথে ওনার যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’
ছাড়পত্র পেয়ে যাওয়ায় দ্রুতই দেশ ছাড়বেন সাকিব। তবে এখনো ঠিক হয়নি তিনি কখন বিশ্বকাপের আগে বাংলাদেশের অনুশীলনে যোগ দিবেন। সাকিবের আইপিএল থেকে ফেরার বিষয়টি ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।