একটা সময় বাংলাদেশ দলের সেরা স্পিনার মোহাম্মদ রফিক। বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোকা বানিয়ে তুলে নিতেন উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে অনেকটাই ক্রিকেট থেকে দূরে এই স্পিনার। তবে আবারো ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করছেন তিনি।
অবসরের সময় বাংলাদেশ ছোট দল হিসেবেই পরিচিত ছিলো। ইতি ২০১৫ সাল থেকে বড় দল হয়ে উঠেছে বাংলাদেশ। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রফিক হয়তো পরের প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে এমনই স্বপ্ন দেখতেন।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট এবং ওয়ানডেতে ১০০টি উইকেট পাওয়া সাবেক এ বাঁহাতি স্পিনারের ব্যক্তিগত কীর্তির গৌরব থাকলেও সে সময় বাংলাদেশের দলীয় সাফল্য হাতে গোনা।
খেলা ছাড়ার পর বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলিং পরামর্শক হয়েছিলেন। বিসিএলেও কোচ হিসেবে কাজ করেছেন। তবে ইচ্ছা থাকার পরও বিসিবির অধীনে কোনো কোচিং কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ হচ্ছিলো না রফিকের।
দীর্ঘ অপেক্ষার পর সেই ইচ্ছাটি বাস্তব রূপ পেয়েছে। বিসিবির হাই পারফরম্যান্স (এইপি) ইউনিটের স্পিন পরামর্শকের (কনসালটেন্ট) দায়িত্ব পেয়েছেন রফিক। গত ১৭ জুলাই তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষাণার্থে মিরপুরে শুরু হয়েছে এইচপি ক্যাম্প। তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন রফিক।
শুক্রবার দুপুরে মিরপুরে তরুণ ক্রিকেটারদের অনুশীলন করান মোহাম্মদ রফিক।
তিনি বলেন,‘যে কোনো পর্যায়ে কাজ করাই আমার জন্য চ্যালেঞ্জের। আগে যখন বাংলাদেশ জাতীয় দলে খেলেছি তখনো আমার কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এখনো তেমনটাই থাকবে বলে আশা করছি। তবে সম্ভাবনাময় ছেলেদের নিয়ে কাজ করতে পেরে আমি খুব খুশি। আগে আমি দেশের জন্য খেলেছি। এখনো দেশের জন্য এবং তরুণ ক্রিকেটারদের জন্য কাজ করবো। এটাই তো আমার কাছে বড় পাওয়া।’