গৌরীপুরে ৭ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়া ডেল্টা স্পিনার্স লিমিটেডের শ্রমিকদের শ্রম আইনানুযায়ী বেতন-বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি, মাসের ১-৫ তারিখের মধ্যে বেতন প্রদান, অতিরিক্ত কাজের প্রাপ্য মজুরি দেয়া, পহেলা বৈশাখ ও শারদীয় দূর্গোৎসবসহ সকল সরকারি ছুটি বাস্তবায়ন, শ্রমিক নির্যাতন বন্ধকরণের দাবিতে শনিবার দুপুর ২টা থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
 
এ সময় শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে মিলের দরজা-জানালার কাচ, মহাসড়কে চলাচলকারী যানবাহনে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে  গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ মোর্শেদুল হাসান খানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
 
প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন দূরপাল্লার যাত্রীরা।
 
শ্রমিকরা জানান, শনিবার তাদের সঙ্গে কোন আলোচনা না করেই কাজে যোগ দিতে শ্রমিকদের বাধ্য করে মিল কর্তৃপক্ষ। তাদের দাবি-দাওয়া নিয়ে সুরাহা না হওয়ায় দুপুর ২টায় কর্মবিরতীর ডাক দিয়ে শ্রমিকরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
 
গত বুধবার শ্রমিকরা তাদের দাবি নিয়ে রাত ১০টা থেকে আন্দোলনে নামেন। শনিবারের মধ্যে তাদের দাবি মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুরাহা করবেন জানিয়ে মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মো. মাহমুদুল হাসান মুন্সী আন্দোলনরত শ্রমিকদের আন্দোলন থামান।