ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগী সড়কের দু’ধারে লাগানো মেহগুনি চোরাই গাছ উদ্ধার করেছে পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার রোকছানা বেগম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একই উপজেলার ইচলা বিলপাড়া গ্রামের মহিবুল্লার ছেলে ইসমাইল হোসেনের একটি ঘরে চোরাই গাছ রয়েছে। নির্বাহী অফিসার পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানকে চোরাই গাছগুলো উদ্ধারের নির্দেশ দেন। চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে ইসমাইল হোসেনের বাড়ি থেকে রাস্তা থেকে চুরি করে কেটে নিয়ে যাওয়া গাছগুলো উদ্ধার করে পালশা ইউপি অফিসে নিয়ে যায়। উদ্ধার করা গাছের মূল্য অনুমান ৬০ হতে ৭০ হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, ইচলা বিলপাড়া গ্রামের ইসমাইল হোসেন, উমরপুর বিলপাড়া গ্রামের গোলাম রব্বানী, একই গ্রামের আনোয়ার হোসেন, ইচলা বিলপাড়া গ্রামের কাউসার দীর্ঘদিন থেকে রাণীগঞ্জ-ডুগডুগী সড়কের প্রায় ৫’শ মূল্যবান গাছ চুরি করে কেটে নিয়ে গেছে।