ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে দরপতন চলছেই, সেইসঙ্গে লেনদেন ব্যাপকহারে কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমে নয় কোটি টাকার ঘরে এসেছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্টের বেশি। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯১ কোটি টাকার শেয়ার। বুধবার লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৫ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো বিআইএফসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সিম টেক্স, পিএফ ফার্স্ট মি. ফা., ইউনাইটেড ফাইন্যান্স, গ্রামীণ স্কিম ২, বিএসসিসিএল, খুলনা পেপার ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, অগ্রণী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, সোনালী আঁশ, আম্বী ফার্মা, বিডি অটোকারস, ফাইন ফুডস, ইস্টার্ন লুব্রি, রেনউইক যজ্ঞেশ্বর, সিভিও পিআরএল ও আল-হাজ্ব টেক্স। এদিকে গতকাল সিএসইতে মাত্র ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৩৮ লাখ টাকা। চলতি সপ্তাহে চারদিন লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এই চার দিনের তিন দিনই সূচক পড়েছে দুই বাজারে। সবমিলিয়ে এই সপ্তাহে ডিএসইএক্স ৮৬ পয়েন্ট কমেছে।