সাটুরিয়া-গোপালপুর সড়কের বেহাল অবস্থা

সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে সড়ক পথে দরগ্রাম বাজার, গোপালপুর বাজার হয়ে বরাইদ সাভার বাজারের দূরত্ব ১৪ কি.মি. এলজিইডির রাস্তা। সাটুরিয়া বাজার থেকে দরগ্রাম বাজার ৫ কি.মি. রাস্তায় সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ বিশ্ববিদ্যালয় কলেজ গেটে সামন্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পুরো রাস্তার কার্পেটিং ভেঙে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে।
 
দরগ্রাম বাজার এলাকা থেকে গোপালপুর বাজার পর্যন্ত ৪ কি.মি. রাস্তা এখন স্থানীয় এলাকাবাসী ও যাতায়াতকারীদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তার মাঝে মাঝে চারটি স্থানে পাকা রাস্তা ভেঙে সরু হয়ে গিয়েছে।
 
 রাস্তার উপর বাঁশের হাকা দিয়ে ঝুঁকি নিয়ে সিএনজি মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা পারাপার হয় অহরহ। সিএনজি চালকদের যাত্রী নামিয়ে রাস্তা পার হতে হয়। গোপালপুর বাজার থেকে বরাইদ সাভার বাজার পর্যন্ত ৫ কি.মি. পাকা রাস্তার ৮০টি স্থানে কার্পেটিং উঠে বড় বড় খাদের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
 

উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল রহমান জানান, রাস্তা মেরামত করার  জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সাটুরিয়া থেকে দরগ্রাম পর্যন্ত বরাদ্দ পেয়েছি। দরগ্রাম থেকে গোপালপুর, সাভার পর্যন্ত প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত কাজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।