যশোরে পাঁচ জঙ্গিকে ধরিয়ে দিতে পোস্টার

যশোরে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে ধরিয়ে দিতে ছবিসহ পোস্টার ছাপানো হয়েছে। পোস্টারে সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে কাউকে দেখামাত্র এতে দেয়া নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 
রবিবার জেলা প্রশাসকের সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের কাছে পোস্টার বিতরণের জন্য হস্তান্তর করা হয়।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, পোস্টারে জেলার সব থানা, কন্ট্রোল রুম, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন গোয়েন্দা বিভাগ, ডিবি পুলিশসহ সব কর্মকর্তার মোবাইল নম্বর দেয়া হয়েছে।
 
সন্দেহভাজন জঙ্গিরা হলেন, যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মুরাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুস সোবহানের ছেলে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪), সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার কাজী হাবিবুল্লাহর ছেলে কাজী ফজলে রাব্বী (২১), শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আওরঙ্গজেবের ছেলে মেহেদি হাসান ওরফে হুসাইন ওরফে জিম (১৯), যশোর শহরের ধর্মতলা মোড় এলাকার আব্দুস সালামের ছেলে রায়হান আহমেদ (২১) ও মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম (৪২)।
 
তবে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪) সম্পর্কে এলাকাবাসী জানায়, তিনি তিন বছর আগে  মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান নিয়ে বিভিন্ন দোকানে কাজ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি জঙ্গি তালিকায় তার নাম জুড়ে দিয়েছে।
 
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পরিবারের সদস্যরাই নিখোঁজ থাকার কারণ হিসেবে তারা জঙ্গিবাদে ঝুঁকে থাকতে পারে বলে সন্দেহ করে আসছে।