সৌদিতে চলতি বছরে ১০৬তম মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরব রবিবার সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়ালো।
 
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ পরিবেশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের অপর এক নাগরিককে ছুরিকাঘাতে হত্যার দায়ে ফাহদ আল-ইশানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। হত্যার দায়ে সাজাপ্রাপ্ত চার নাগরিকের মধ্যে ফাহদ আল-ইশানের মৃত্যুদণ্ড রবিবার কার্যকর করে সৌদি আরব। দেশটির উত্তরাঞ্চলীয় জাওফ অঞ্চলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
 
দেশটিতে মৃত্যুদণ্ড প্রাপ্ত অধিকাংশকে তরবারি দিয়ে শিরশ্ছেদ করে সাজা কার্যকর করা হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ড কার্যকরের চর্চা ‘দ্রুত’ আইনগতভাবে স্থগিত রাখার আহবান জানানো সত্ত্বেও দেশটিতে এ সংখ্যা ক্রমেই বাড়ছে। এএফপি।