কমিউনিটি ক্লিনিকগুলোতে রাজনৈতিক পোস্টার নয়: স্বাস্থ্যমন্ত্রী

 
কমিউনিটি ক্লিনিকগুলোতে কোনো ধরনের রাজনৈতিক পোস্টার লাগানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। যদি কোনো কমিউনিটি ক্লিনিকে রাজনৈতিক পোস্টার পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ব্র্যান্ডিং করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে হবে। তাই এখানে অন্য কোনো ধরনের পোস্টার লাগানো যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হককে নির্দেশ দেন তিনি।