পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে লিটন পন্ডিত (৩০) নামে এক যুবলীগ সদস্য নিহত হয়েছেন।
লিটন স্থানীয় আনোয়ার পন্ডিতের ছেলে এবং উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেনের সমর্থক।
সকালে গুদিঘাটা এলাকায় টুকু নামে আওয়ামী লীগের এক কর্মীকে প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় বিকালে উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেনের গ্রুপের সঙ্গে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে লিটন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম রাজু, আওয়ামী লীগ কর্মী সিদ্দিক (৪৮), শিশু রাশেদসহ (১০) কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মাথায় গুলিবিদ্ধ রাজুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।