শ্রীবরদী পৌর শহরে রাস্তার বেহাল অবস্থা

শ্রীবরদী-লংগরপাড়া রাস্তাটি সংস্কারের অভাবে রাস্তার বেহাল অবস্থা হয়েছে। এ রাস্তায় প্রতিদিন যানবাহন থেকে শুরু করে হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু সংস্কারের অভাবে এ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রীবরদী পৌর শহর থেকে লংগরপাড়া হয়ে শেরপুরের খোযারপাড় পর্যন্ত এলজিইডি’র ১৭ কি.মি. এ রাস্তা ১০ বছর আগে পাকা করা হয়। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে উপজেলা পরিষদ গেট থেকে পৌর শহর পর্যন্ত ছয়শ’ মিটার রাস্তায় খানাখন্দকে সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে এ রাস্তায় যান চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে পথচারীদের যাতায়াত করতে কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও পথচারীরা। উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্ষার পর রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।